জয়পুরে বোমা হুমকি এসএমএস হাসপাতালে,মেলেনি কিছু তল্লাশিতে
জয়পুর, ১৩ মে (হি.স.) : রাজস্থানের বৃহত্তম সরকারি হাসপাতাল সাওয়াই মানসিংহ (এসএমএস) হাসপাতালে বুধবার সকালে বোমা বিস্ফোরণের হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে তৎপর হয়ে ওঠে পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল, ডগ স্কোয়াড, সিভিল ডিফেন্স-সহ একাধিক নিরাপত্তা সংস
জয়পুরে বোমা হুমকি এসএমএস হাসপাতালে,মেলেনি কিছু তল্লাশিতে


জয়পুর, ১৩ মে (হি.স.) : রাজস্থানের বৃহত্তম সরকারি হাসপাতাল সাওয়াই মানসিংহ (এসএমএস) হাসপাতালে বুধবার সকালে বোমা বিস্ফোরণের হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে তৎপর হয়ে ওঠে পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল, ডগ স্কোয়াড, সিভিল ডিফেন্স-সহ একাধিক নিরাপত্তা সংস্থা। হাসপাতাল চত্বরে দীর্ঘক্ষণ ধরে ব্যাপক তল্লাশি চালানো হলেও কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক উদ্ধার হয়নি।

এসএমএস থানার ওসি রাজেশ শর্মা জানান, পুলিশ কন্ট্রোল রুমে এক ব্যক্তি ফোন করে এসএমএস হাসপাতাল চত্বরে বোমা রাখা রয়েছে বলে দাবি করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওপিডি, জরুরি বিভাগ, পার্কিং এলাকা এবং অন্যান্য স্পর্শকাতর জায়গায় তল্লাশি শুরু করে।

সকাল প্রায় ৮টা থেকে ওপিডি শুরু হওয়ায় হাসপাতালে প্রচুর রোগী ও তাঁদের পরিজন উপস্থিত ছিলেন। বোমার হুমকির খবর ছড়িয়ে পড়তেই কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয়। যদিও পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সকলকে শান্ত থাকার আবেদন জানায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দল হাসপাতালের প্রতিটি অংশ খতিয়ে দেখলেও কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে হাসপাতাল চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তদন্তে জানা গিয়েছে, হুমকির ফোনটি হরিয়ানার মহেন্দ্রগড় থেকে করা হয়েছিল। জয়পুর পুলিশের তথ্যের ভিত্তিতে হরিয়ানা পুলিশ অভিযুক্ত মনু গুপ্তাকে আটক করেছে। জয়পুর পুলিশের একটি দল তাকে জয়পুরে এনে জিজ্ঞাসাবাদ করবে।

প্রাথমিক তদন্তে ঘটনাটি গুজব ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে করা হলেও পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। ঘটনায় বিধায়কপুরী থানায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande