
নয়াদিল্লি, ১৩ মে (হি. স.) : কৃষকদের আয় বৃদ্ধি, দেশের পরিকাঠামো শক্তিশালী করা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার একগুচ্ছ বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মোট ৩,১৮,১৬৫ কোটি টাকার চারটি প্রধান প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলি দেশে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ জানিয়েছেন, ২০২৬-২৭ বিপণন মরসুমের জন্য খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দেশের কোটি কোটি কৃষক তাঁদের উৎপাদিত ফসলের লাভজনক দাম পাবেন, যা গ্রামীণ অর্থনীতিতে জোয়ার আনবে।
নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দরের মানোন্নয়ন নিয়ে মোদী বলেন, এই সিদ্ধান্তের ফলে নাগপুর শহর একটি প্রধান এভিয়েশন এবং কার্গো হাব হিসেবে আত্মপ্রকাশ করবে। এতে শুধু যোগাযোগ ব্যবস্থাই উন্নত হবে না, পাশাপাশি বাণিজ্যিক কর্মকাণ্ড ও উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে।
আমেদাবাদ (সরখেজ)-ধোলেরা সেমি হাইস্পিড ডাবল রেল লাইন প্রকল্পটিকে রেলের আধুনিকীকরণের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী। ২০,৬৬৫ কোটি টাকার এই প্রকল্পটি হবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম সেমি হাইস্পিড রেল ব্যবস্থা। এটি গুজরাটের ধোলেরাকে একটি ভবিষ্যৎমুখী শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভরতা আনতে ৩৭,৫০০ কোটি টাকার ‘কোল ও লিগনাইট গ্যাসিফিকেশন’ প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মতে, এই উদ্যোগের ফলে বিনিয়োগ বাড়বে এবং দেশের যুবসমাজের জন্য প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তিও নতুন গতি পাবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি