
চণ্ডীগড়, ১৩ মে ( হি. স.) : পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং প্রদেশ বিজেপি সভাপতি সুনীল জাখরকে প্রাণনাশে ও বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ই-মেলের মাধ্যমে এই হুমকি পাওয়ার পর পঞ্জাব ও দিল্লির নিরাপত্তা সংস্থাগুলি চূড়ান্ত সতর্ক অবস্থায় রয়েছে।প্রশাসনকে পাঠানো ওই ই-মেলে দাবি করা হয়েছে যে, পঞ্জাব মুখ্যমন্ত্রী কার্যালয় এবং বিজেপি দফতরে বোমা বিস্ফোরণ ঘটানো হবে। চিঠিতে ভগবন্ত মান এবং সুনীল জাখরকে ‘শিখদের শত্রু’ বলে অভিহিত করা হয়েছে।
হুমকিদাতার দাবি অনুযায়ী, পঞ্জাব মুখ্যমন্ত্রী দফতরে দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ ঘটানো হবে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বেয়ন্ত সিং-এর কায়দায় হামলা চালানো হবে। এছাড়া পঞ্জাব ও দিল্লিতে অবস্থিত বিজেপি কার্যালয়গুলিতে রাত ৯টা ১১ মিনিটে বিস্ফোরণ ঘটানোর কথা বলা হয়েছে।
ই-মেলে আরও জানানো হয়েছে যে, আগামী ৬ জুনের মধ্যে সুনীল জাখরকে নিশানা করা হবে। সেখানে তাঁর পিতা তথা লোকসভার প্রাক্তন স্পিকার বলরাম জাখরের নামও উল্লেখ করা হয়েছে।
এই খবর প্রকাশ্যে আসার পরই মুখ্যমন্ত্রী দফতরসহ সমস্ত সংবেদনশীল এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিজেপি কার্যালয়গুলিতেও পুলিশি পাহারা জোরদার করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলি ই-মেল প্রেরকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি