
কলকাতা, ১৪ মে (হি স)। কলকাতা হাই কোর্টে বিজেপি সরকারের বিরুদ্ধে একযোগে সওয়াল বাম এবং তৃণমূলের! প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করলেন বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি ছিল। সেই মামলায় মমতার পাশে দাঁড়িয়েই সওয়াল করতে গিয়ে বামনেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেন, নিউ মার্কেট এলাকায় হকারদের অস্থায়ী দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এদের আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক।
আইনশৃঙ্খলা নিয়ে কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে বিজেপি সরকার। এরমধ্যেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলায় প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে অংশ নেন বিকাশবাবু ও তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সওয়াল করতে গিয়ে প্রথমেই প্রধান বিচারপতির কাছে অনুমতি চেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ”আমি ১৯৮৫ সাল থেকে আইনজীবী। এবং সেই হিসাবেই আমি সওয়াল করতে চাই।” এরপরেই একাধিক অভিযোগ তুলে ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত