
কলকাতা, ১৪ মে (হি স): একাধিকবার তলব ও জারি করা লুক আউট নোটিসের পর অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। বৃহস্পতিবার সকাল থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
ভোটের মুখে ডিসিপি শান্তনুর বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে অভিযান চালান ইডি আধিকারিকরা। রাত ২টো পর্যন্ত ডিসির বাড়িতে চলে তল্লাশি। পরদিনই তাঁর দুই পুত্র সায়ন্তন ও মণীশকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। সেদিন কেউ ইডি দফতরে হাজিরা দেননি। শান্তনুকে তলব করা হলে তিনি কাজের অজুহাত দেখিয়ে একাধিকবার হাজিরা এড়িয়ে যান। এরপরই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এক সময়ে কালীঘাটের দায়িত্বে থাকা এই পুলিশ অফিসারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। কসবার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ডিসিপি-র বিরুদ্ধে অভিযোগ, সোনা পাপ্পুর বিরুদ্ধে যে জমি দখল, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগ উঠেছে তার সঙ্গে ডিসিপি যুক্ত রয়েছেন। সোনা পাপ্পুর বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনাতেও শান্তনুকে সন্দেহের তালিকায় রাখছেন তদন্তকারীরা। এছাড়াও বালি পাচার সংক্রান্ত মামলাতেও তাঁকে অভিযুক্ত করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত