
কলকাতা, ১৪ মে (হি.স.) : স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব-২০ পুরুষ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল ত্রিপুরা ও পাঞ্জাব। বৃহস্পতিবার ছত্তীসগঢ়ের নারায়ণপুরে গ্রুপ ‘ডি’-র গুরুত্বপূর্ণ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন দিল্লিকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল ত্রিপুরা। ত্রিপুরার হয়ে খাসরাং জামাতিয়া ম্যাচের ৪২ ও ৬৮ মিনিটে দুটি দর্শনীয় গোল করে দলের জয় নিশ্চিত করে। দিল্লির হয়ে যশ জালাল ৭৯ মিনিটে একটি গোল করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। আগামী ম্যাচে সিকিমের বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট পেলেই শেষ আটে জায়গা করে নেবে ত্রিপুরা।
দিনের অন্য ম্যাচে সিকিম ৩-২ গোলে হিমাচল প্রদেশকে পরাজিত করেছে। খেলার অতিরিক্ত সময়ে সিকিমের পক্ষে জয়সূচক গোলটি করেন বিষাণ হাং সুব্বা।
এদিকে গ্রুপ ‘এইচ’-এর লড়াইয়ে মহারাষ্ট্র ২-০ গোলে হারিয়েছে শক্তিশালী গোয়াকে। মহারাষ্ট্রের হয়ে গোল দুটি করেন মহম্মদ মুস্তাফা ফরাস ও নির্বাণ ভট্ট। অন্যদিকে, অসমকে ৬-২ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে পাঞ্জাব। পাঞ্জাবের সাহিজ পাল একাই চারটি গোল করে ম্যাচের নায়ক হয়ে ওঠেন। আগামী শনিবার পাঞ্জাব বনাম মহারাষ্ট্র ম্যাচেই নির্ধারিত হবে এই গ্রুপ থেকে কোন দল কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত