
ফ্লোরিডা, ১৪ মে (হি.স.): মেজর লিগ সকারে (এমএলএস) নিজের অসাধারণ ফর্ম ধরে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা, আর তাতে বিধ্বস্ত হলো এফসি সিনসিনাটি। বৃহস্পতিবার টিকিউএল স্টেডিয়ামে স্বাগতিক সিনসিনাটিকে ৫-৩ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচজুড়ে দারুণ নৈপুণ্যে জোড়া গোল করেছেন মেসি। তবে মায়ামির শেষ গোলটি শুরুতে মেসির নামে হলেও রিভিউয়ের পর আত্মঘাতী গোল ঘোষণা হওয়ায় হ্যাটট্রিক থেকে বঞ্চিত হয়েছেন মেসি। তবে ম্যাচে মায়ামির করা পাঁচ গোলেই অবদান রেখেছেন মেসি।
চলতি মরসুমে লিগে ১২ ম্যাচে মেসির গোলসংখ্যা হল ১১টি। আর সব মিলিয়ে কেরিয়ারে ৯০৯টি গোল করলেন এই আর্জেন্টাইন মহাতারকা। দলের বাকি গোল দুটি করেন মাতেও সিলভেত্তি এবং হেরমান বের্তেরেমে। সিনসিনাটির হয়ে গোল তিনটি করেছেন কেভিন দেঙ্কি, পাভেল বুচা এবং ইভান্ডার।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি