
কলকাতা, ১৫ মে (হি. স.): ফের এক ধাক্কায় পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।একসঙ্গে লিটার প্রতি ৩ টাকা দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সাধারণ মানুষ ও পণ্য পরিবহণ এর সঙ্গে যুক্ত ব্যক্তিরা।তাঁদের বক্তব্য, জ্বালানির এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে পারে পরিবহণ ব্যবস্থার উপর। বিশেষ করে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বাস, ট্রাক ও পণ্যবাহী গাড়ির খরচ বৃদ্ধি পাবে বলে মনে করছেন পরিবহণ কর্মীরা। এর ফলে বাজারে সবজি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও বাড়তে পারে।শুক্রবার এক গাড়িচালক জানান, “এমনিতেই সংসার চালানো কঠিন হয়ে উঠেছে। তার উপর আবার পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় বাড়তি আর্থিক চাপ পড়বে।” নিত্যযাত্রীদের একাংশও উদ্বেগ প্রকাশ করে বলেন, ভাড়া বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।সাধারণ মানুষের অভিযোগ, বারবার জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের দৈনন্দিন খরচ ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারের হস্তক্ষেপের দাবিও উঠতে শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়