(আপডেট) পান্না দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
ভোপাল, ২৬ মে (হি.স.) : মধ্যপ্রদেশের পান্না জেলায় নায়াপুরা এলাকায় নির্মীয়মাণ কুয়ো খননের সময় মাটি ধসে পাঁচ শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদ
পান্না দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর


ভোপাল, ২৬ মে (হি.স.) : মধ্যপ্রদেশের পান্না জেলায় নায়াপুরা এলাকায় নির্মীয়মাণ কুয়ো খননের সময় মাটি ধসে পাঁচ শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে তিনি প্রতিটি মৃত শ্রমিকের পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, পান্না জেলার অজয়গড় ব্লকের বীহরপুরওয়া গ্রামের নায়াপুরা এলাকায় মঙ্গলবার একটি বেসরকারি জমিতে কুয়ো খননের কাজ চলছিল। সেই সময় হঠাৎ করেই মাটি ধসে পড়ে, যার ফলে গভীর গর্তে কাজ করা পাঁচ শ্রমিক মাটির নিচে চাপা পড়ে যান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পাওয়ার পরই জেলা প্রশাসনের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরবর্তীতে উদ্ধারকারী দল মাটি সরিয়ে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পাশাপাশি আরও দুই শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পান্না জেলার কালেক্টর ঊষা পরমার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

এদিকে মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঈশ্বরের কাছে তাঁদের আত্মার শান্তি কামনা করেছেন। তিনি বলেন, শ্রমিকদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক ঘটনা। সরকার শোকাহত পরিবারের পাশে রয়েছে এবং সব ধরনের সহায়তা প্রদান করবে।

সরকারি নির্দেশ অনুযায়ী, প্রতিটি মৃত শ্রমিকের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande