চিন–পাকিস্তান যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীর উল্লেখ, তীব্র আপত্তি ভারতের
নয়াদিল্লি, ২৬ মে (হি.স.) : চিন ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ উত্থাপনকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করল ভারত। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ
চিন–পাকিস্তান যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীর উল্লেখ, তীব্র আপত্তি ভারতের


নয়াদিল্লি, ২৬ মে (হি.স.) : চিন ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ উত্থাপনকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করল ভারত। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ, এ বিষয়ে অন্য কোনও দেশের মন্তব্য করার অধিকার নেই।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলির জানা উচিত ভারতের এই অবস্থান দীর্ঘদিনের এবং সুস্পষ্ট। তিনি আরও বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু–কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এ বিষয়ে অন্য কোনও দেশের মন্তব্য গ্রহণযোগ্য নয়।

তিনি তথাকথিত চিন–পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি ) নিয়েও কড়া প্রতিক্রিয়া দেন। তাঁর বক্তব্য, পাকিস্তানের অবৈধভাবে দখল করা অঞ্চলে এই প্রকল্প বাস্তবায়নের যে কোনও প্রচেষ্টা ভারত সার্বভৌমত্বের লঙ্ঘন এবং তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পরিপন্থী এই প্রকল্পকে বৈধতা দেওয়ার চেষ্টা ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেও তিনি জানান। এই বিষয়ে ভারত বহুবার চীন ও পাকিস্তানকে নিজেদের অবস্থান পরিষ্কারভাবে জানিয়েছে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেন, চিন ও পাকিস্তানের মধ্যে কথিত ‘সীমান্ত পার জল সম্পদ সহযোগিতা’ সংক্রান্ত যে উল্লেখ করা হয়েছে, তা বাস্তবসম্মত নয়। কারণ দুই দেশের মধ্যে কোনও আন্তর্জাতিক সীমান্ত নেই, ফলে এ ধরনের সহযোগিতার প্রশ্নই আসে না। এছাড়া ভারত পাকিস্তান ও চিনের মধ্যে ১৯৬৩ সালের কথিত সীমান্ত চুক্তিকেও কখনও স্বীকৃতি দেয়নি বলে তিনি পুনরায় স্পষ্ট করেন।

উল্লেখ্য, সম্প্রতি চিন ও পাকিস্তানের তরফে প্রকাশিত যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীরকে ‘ইতিহাস থেকে অমীমাংসিত একটি বিরোধ’ হিসেবে উল্লেখ করা হয় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের কথা বলা হয়।

বিবৃতিটি আসে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বৈঠকের পর। সেই বৈঠকে দুই দেশ সীমান্ত পার জল সম্পদ বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও একমত হয়। যদিও যৌথ বিবৃতিতে কোনও নির্দিষ্ট নদী, প্রকল্প বা চুক্তির নাম উল্লেখ করা হয়নি, তবুও ভারত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে জম্মু ও কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ও সার্বভৌম বিষয়, এ নিয়ে কোনও তৃতীয় পক্ষের অবস্থান গ্রহণযোগ্য নয়।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande