
গুয়াহাটি, ২৬ মে (হি.স.) : দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তন সম্পর্কে সমীক্ষার জন্য উচ্চস্তরীয় কমিটি গঠনে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, অসম দীর্ঘদিন ধরে জনবিন্যাস পরিবর্তনের সাক্ষী। এই উদ্যোগ জাতীয় নিরাপত্তা ও দেশের ভূমিপুত্রদের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, ‘অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য অস্বাভাবিক কারণ’-এর ফলে দেশজুড়ে পরিবর্তিত জনবিন্যাসের পর্যালোচনা করতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নওলেকারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
তাঁর অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স-এ এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, অবৈধ অনুপ্রবেশ এবং জনবিন্যাসের পরিবর্তন কোনও একক রাজ্যের সমস্যা নয়, এটি জাতীয় নিরাপত্তা, সাংস্কৃতিক পরিচয় এবং সামাজিক ভারসাম্যের সঙ্গে জড়িত একটি গুরুতর বিষয়।
এক্স-এ তিনি লিখেছেন, ‘অবৈধ অনুপ্রবেশ এবং অস্বাভাবিক জনবিন্যাসের পরিবর্তন কেবলমাত্র কোনও এক রাজ্যের উদ্বেগ নয়, এটি ভারতের জাতীয় নিরাপত্তা, সাংস্কৃতিক পরিচয় এবং সামাজিক ভারসাম্যের সঙ্গে জড়িত একটি গুরুতর বিষয়।’
মুখ্যমন্ত্রী এই কমিটিকে একটি ‘দূরদর্শী ও দৃঢ় পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই কমিটি দেশজুড়ে সংঘটিত অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তনগুলি বিশ্লেষণ করবে এবং তার সমাধানে সুস্পষ্ট সুপারিশ দেবে।
তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সক্রিয় নেতৃত্বে এই কমিটি দেশজুড়ে সংঘটিত অস্বাভাবিক জনবিন্যাসের পরিবর্তনগুলি নিয়ে সমীক্ষা করে বাস্তবসম্মত সমাধান পেশ করবে। এর ফলে জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং সীমান্তবর্তী এলাকার উদ্বেগগুলিও গুরুত্ব সহকারে মোকাবিলা করা সম্ভব হবে।’
ড. শর্মা বলেন, ‘এই বিষয়টি দীর্ঘদিন ধরে অসমের জন্য এক গুরুত্বপূর্ণ উদ্বেগের কারণ। এই উদ্যোগ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, জনজাতীয় সমাজ এবং স্থানীয় জনগণের অধিকার রক্ষায় এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে। আমরা বিশ্বাস করি, এই কমিটি ভারতের ভবিষ্যৎ সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস