
বরেলি, ২৭ মে (হি.স.): উত্তর প্রদেশের বরেলি জেলার আওঁলা এলাকার মনৌনা শ্যাম মন্দির চত্বর থেকে অপহৃত দেড় বছরের শিশু ঋষভকে নিরাপদে উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দুই অপহরণকারীর। তারপর তাদের গ্রেফতার করা হয়। সংঘর্ষে দুই অভিযুক্ত গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এদিকে, গুলির ঘটনায় এক হেড কনস্টেবলও আহত হন।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঋষভ মন্দির চত্বরে বসবাসকারী সাফাইকর্মী রমনের ছেলে। গত রবিবার দুপুরে আচমকাই নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পরও শিশুটির কোনও সন্ধান না মেলায় পুলিশে খবর দেওয়া হয়। ঘটনার পর মন্দির চত্বর ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তাতে দুই যুবককে ওই শিশুটিকে নিয়ে যেতে দেখা যায়। এরপরই অপহরণের মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ এবং শিশুটির খোঁজে একাধিক দল গঠন করা হয়।
মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর মেলে, মোটরবাইকে করে দুই যুবক শিশুটিকে নিয়ে আলিগঞ্জ রোডের দিকে যাচ্ছে। খবর পেয়ে আওঁলা সার্কেল অফিসারের নেতৃত্বে পুলিশ হুলাসি ফটকের কাছে ঘেরাও করে। পুলিশ অভিযুক্তদের থামানোর চেষ্টা করতেই তারা গুলি চালাতে শুরু করে।পাল্টা জবাবে পুলিশের গুলিতে দুই অভিযুক্তের পায়ে গুলি লাগে। তারা বাইক-সহ রাস্তায় পড়ে যায়। সেই সময় ঋষভও নিচে পড়ে যায়। পুলিশ দ্রুত শিশুটিকে উদ্ধার করে কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। মাথায় সামান্য চোট থাকায় প্রাথমিক চিকিৎসা করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি এখন বিপদমুক্ত।
ধৃতদের পরিচয় জানা গিয়েছে— শাহজাহানপুর জেলার গড়িয়া রঙ্গিন থানা এলাকার ধোপলা করিমনগরের বাসিন্দা যোগেশ এবং বদায়ুঁর ককরালা এলাকার বাসিন্দা পবন সিং। যোগেশ এমএসসি নার্সিংয়ের ছাত্র বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, শিশুটিকে বিক্রি করার পরিকল্পনা ছিল অভিযুক্তদের। এই চক্রে আর কারা জড়িত এবং এর আগে এমন অপহরণের ঘটনায় তাদের ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস