ত্রিপুরায় চিটফান্ড কেলেংকারির দায়ে তিন শীর্ষ পদাধিকারীর ছয় বছরের সশ্রম কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
আগরতলা, ৩০ মে (হি.স.) : ‘প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’ নামের একটি চিটফান্ড সংস্থার তিন শীর্ষ পদাধিকারী যথাক্রমে অরিন্দম দাস. দ্বীপশিখা দাস এবং পরিতোষ দাসকে আমানতকারীদের টাকা আত্মসাৎ করার অভিযোগে প্রত্যেককে ছয় বছরের সশ্রম কা
কারাদণ্ড_প্রতিনিধিত্বমূলক চিত্র


আগরতলা, ৩০ মে (হি.স.) : ‘প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’ নামের একটি চিটফান্ড সংস্থার তিন শীর্ষ পদাধিকারী যথাক্রমে অরিন্দম দাস. দ্বীপশিখা দাস এবং পরিতোষ দাসকে আমানতকারীদের টাকা আত্মসাৎ করার অভিযোগে প্রত্যেককে ছয় বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে ত্রিপুরার বিশেষ সিবিআই আদালত। পাশাপাশি চিটফান্ড সংস্থাটির যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ ফেরত দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উনকোটি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বিশেষ সিবিআই বিচারক দেবাশিস কর।

বিশেষ সিবিআই পাবলিক প্রসিকিউটর প্রসেনজিৎ সাহা জানান, বিগত প্রায় ১৪ বছর ধরে বিচার প্রক্রিয়াকালে বহুবার শুনানি শেষে আজ শনিবার আদালত প্রায় ৮০০ জন আমানতকারীর কাছ থেকে সংগৃহীত প্রায় ৫.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিন অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করেছে। তিনি জানান, তাঁদের বিরুদ্ধে ত্রিপুরা প্রোটেকশন অব ইন্টারেস্টস্ অব ডিপোজিটরস (ইন ফাইনানশিয়াল এস্টাবলিশমেন্টস) আইন, ২০০০ অনুযায়ী শাস্তি প্রদান করেছে টাকা আত্মসাতের।

পাবলিক প্রসিকিউটর প্রসেনজিৎ সাহা জানান, ২০০৯ সালে উনকোটি জেলায় তাদের কার্যক্রম শুরু করে প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামের চিটফান্ড সংস্থা। সংস্থাটি নির্দিষ্ট সময় পর আকর্ষণীয় মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করেছিল।

তবে ২০১২ সালে বিভিন্ন বিনিয়োগ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর সংস্থাটি আমানতকারীদের টাকা ফেরত দেওয়া বন্ধ করে দেয়। এর পর ক্ষতিগ্রস্ত আমানতকারীরা কৈলাশহর থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে শুরু হয় তদন্ত। পরবর্তীতে মামলাটি হস্তান্তর করা হয় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)-র কাছে। সিবিআই সংস্থার তিন শীর্ষ আধিকারিক চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অরিন্দম দাস, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর দ্বীপশিখা দাস এবং ম্যানেজিং ডিরেক্টর পরিতোষ দাসের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে এবং আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করে আজ সাজা শুনিয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande