
হাওড়া, ২৬ মে (হি. স.):বকেয়া বেতনের দাবিতে বালি চাঁদমারি ভাগাড়ে তীব্র বিক্ষোভে সামিল হলেন বালি পুরসভার অস্থায়ী কর্মীরা। বুধবার সকাল থেকেই ভাগাড়ের মূল ফটক বন্ধ করে অবস্থান বিক্ষোভ শুরু করেন কর্মীরা। এর জেরে সম্পূর্ণভাবে ব্যাহত হয় ময়লা ফেলার কাজ এবং আটকে পড়ে একাধিক আবর্জনা বহনকারী গাড়ি।বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, গত আড়াই মাস ধরে তাঁরা কোনো বেতন পাননি। বারবার পুর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলেই দাবি তাঁদের। ক্ষুব্ধ কর্মীদের সাফ বক্তব্য, যতক্ষণ না পুরসভার উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসে বকেয়া বেতন মেটানোর লিখিত আশ্বাস দিচ্ছেন, ততক্ষণ ভাগাড়ের গেট খোলা হবে না এবং কোনও ময়লার গাড়িকেও ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় নিশ্চিন্দা থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছিল।ভাগাড়ে ময়লা ফেলার কাজ বন্ধ থাকায় বালি ও সংলগ্ন এলাকার আবর্জনা পরিষ্কার পরিষেবায় বড়সড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় পুর প্রশাসনের ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়