
ঝাড়গ্রাম, ২৭ মে (হি.স.) : এলাকার সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে অভিনব উদ্যোগ নিলেন বিনপুর বিধানসভার বিজেপি বিধায়ক তথা চিকিৎসক প্রণত টুডু। এলাকার উন্নয়ন ও মানুষের দৈনন্দিন সমস্যার কথা সরাসরি জানতে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছেন তিনি। সেই নম্বরে এলাকার বিভিন্ন সমস্যা লিখে পাঠানোর আহ্বান জানিয়েছেন বিধায়ক। পাশাপাশি প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
বিধায়কের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর ৬২৯৫৯৭৭১০১-এ এলাকার মানুষ নিজেদের সমস্যার কথা বিস্তারিতভাবে জানাতে পারবেন। রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থা, পানীয় জলের সংকট, নিকাশি ও স্যানিটেশন সমস্যা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুলের পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবার ঘাটতি, বিদ্যুৎ ও রাস্তার আলোর সমস্যা থেকে শুরু করে কৃষি ও গ্রামোন্নয়ন সংক্রান্ত যে কোনও অভিযোগ বা দাবি এই নম্বরে জানানো যাবে।
এ প্রসঙ্গে বুধবার বিধায়ক প্রণত টুডু বলেন, জঙ্গলমহলের বহু প্রত্যন্ত এলাকায় এখনও নানা ধরনের নাগরিক সমস্যার মুখোমুখি হতে হয় সাধারণ মানুষকে। অনেক সময় সেই সমস্যা প্রশাসনের নজরে এলেও দ্রুত সমাধান হয় না। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের সমস্যা সরাসরি জানা গেলে তা প্রশাসনের নজরে এনে দ্রুত সমাধানের পদক্ষেপ করা অনেক সহজ হবে।
তিনি আরও জানান, এলাকার মানুষ লিখিতভাবে সমস্যা পাঠালে তা নথিভুক্ত করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে গ্রামীণ রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও কৃষি সংক্রান্ত সমস্যাগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। তাঁদের দাবি, জনপ্রতিনিধির সঙ্গে সরাসরি যোগাযোগের এই ব্যবস্থা চালু হওয়ায় এলাকার সমস্যাগুলি দ্রুত তুলে ধরা সম্ভব হবে এবং সমাধানের পথও সহজ হবে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো