
রাজগড়, ২৭ মে ( হি. স.) : মধ্যপ্রদেশের রাজগড়ে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। বুধবার সকালে রাজগড় থানার অন্তর্গত ৫২ নম্বর জাতীয় সড়কে, ফুলখেড়ি মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম মহেন্দ্র সিং (২৫) । তিনি রাজগড়ের শিবপ্রতাপ নগরের বাসিন্দা ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার দিন মহেন্দ্র ফুলখেড়ির একটি ধাবা থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। তাঁর বাইক ফুলখেড়ি মোড়ের কাছে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে তাঁর বাইকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে। জোরালো ধাক্কায় গুরুতরভাবে জখম হয় মহেন্দ্র সিংয়ের মাথা ও মুখের একাংশ।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত দেহটিকে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক