
নারনৌল, ২৭ মে (হি.স.): মূল্যবৃদ্ধি, বেকারত্বর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার হরিয়ানার মহেন্দ্রগড়ে বিক্ষোভে সামিল হল কংগ্রেস। প্রাক্তন বিধায়ক রাও দান সিং-এর নেতৃত্বে কংগ্রেস কর্মীরা যাদব ধর্মশালা থেকে এসডিএম কার্যালয় পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন। পরে রাষ্ট্রপতির উদ্দেশে একটি স্মারকলিপি এসডিএমের হাতে তুলে দেওয়া হয়।
বিক্ষোভের আগে যাদব ধর্মশালায় একটি সভার আয়োজন করা হয়, যেখানে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাও দান সিং অভিযোগ করেন, দেশ ও রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ একের পর এক সমস্যার মুখে পড়ছেন। তাঁর দাবি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও মাদকের মতো গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। সভা শেষে যাদব ধর্মশালা থেকে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে এসডিএম কার্যালয় পর্যন্ত মিছিল করেন কংগ্রেস কর্মীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে সরকার বিরোধী স্লোগানও তোলা হয়।
রাও দান সিং বলেন, পেট্রোল, ডিজেল ও সিএনজির দাম লাগাতার বাড়ায় পরিবহণ, কৃষিকাজ এবং দৈনন্দিন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। পাশাপাশি, লক্ষাধিক শিক্ষিত যুবক কর্মসংস্থানের সন্ধানে ঘুরে বেড়ালেও সরকার কর্মসংস্থান দিতে ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি।
রাজ্যে মাদকাসক্তি বাড়তে থাকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাও দান সিং। তাঁর দাবি, তরুণ প্রজন্ম দ্রুত নেশার কবলে পড়ছে। ২০১৪ সালে ‘আচ্ছে দিন’-এর প্রতিশ্রুতি দেওয়া কেন্দ্রীয় সরকার গত প্রায় ১২ বছরে সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। রাশিয়া ও ইরান থেকে কম দামে তেল পাওয়ার সুযোগ থাকলেও সরকারের ভুল নীতির খেসারত সাধারণ মানুষকে দিতে হচ্ছে বলেও দাবি করেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস