
ভোপাল, ২৭ মে (হি.স.) : মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের করন্দ এলাকায় মঙ্গলবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। নিশাতপুরা থানা এলাকার কোরাল কাসা বাংলো কলোনির একটি বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই বাড়ির এয়ার কন্ডিশনারে (এসি) বিস্ফোরণ ঘটে, যার জেরে মুহূর্তের মধ্যে আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। তবে পরিবারের সদস্যরা সময়মতো বাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
বুধবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১০টা নাগাদ বাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। সেই সময় আচমকাই এসিতে জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকলকর্মী পঙ্কজ যাদব ও তাঁর দল দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। স্থানীয় কাউন্সিলর লাকি রাই এবং কলোনির বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
অগ্নিকাণ্ড এতটাই ভয়াবহ ছিল যে বাড়ির ভেতরে থাকা আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, পোশাক এবং অন্যান্য গৃহস্থালির জিনিস সম্পূর্ণভাবে পুড়ে যায়। বাড়ির একাধিক অংশও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দমকল বিভাগের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। কর্মকর্তাদের দাবি, বিদ্যুৎ সংযোগের একটি অংশে শর্ট সার্কিট হওয়ার পর আগুন লাগে এবং এসি বিস্ফোরণের কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলকর্মী পঙ্কজ যাদব জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে পরিবারের সদস্যরা ঘর থেকে কোনও জিনিসপত্র বের করার সুযোগ পাননি। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের বাড়িগুলিকেও সুরক্ষিত রাখা সম্ভব হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু সময়ের জন্য এলাকায় বিদ্যুৎ পরিষেবাও বন্ধ রাখা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস