
কলকাতা, ২৭ মে (হি. স.) : ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন টলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত। বুধবার দক্ষিণ কলকাতার গড়িয়াহাট এলাকায় তাঁর নিজের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, 'ভূতের ভবিষ্যৎ' ছবির পরিচালকের বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গড়িয়াহাট থানা এলাকার বাসিন্দা অনীক দত্ত তাঁর বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যান। তবে এটি দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়েই গড়িয়াহাট থানার পুলিশ তদন্তে নেমেছে।
ঢাকুরিয়ার ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, পরিচালকের চোট অত্যন্ত গুরুতর হওয়ায় তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক। অনীক দত্তের এই আকস্মিক ও রহস্যজনক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই টলিউড ইন্ডাস্ট্রি এবং তাঁর অনুগামীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি