ইবোলা সংক্রমণ নিয়ে সতর্ক স্বাস্থ্য দফতর, কিশনগঞ্জ সদর হাসপাতালে ১০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত
কিশনগঞ্জ, ২৭ মে (হি.স.) : বিশ্বজুড়ে ইবোলা সংক্রমণের বাড়তে থাকা ঘটনাকে কেন্দ্র করে সতর্ক হয়ে উঠেছে কিশনগঞ্জ জেলা স্বাস্থ্য দফতর। কেন্দ্রীয় সরকার ও বিহার রাজ্য স্বাস্থ্য সমিতির জারি করা স্বাস্থ্য নির্দেশিকার পর জেলার নজরদারি ব্যবস্থা আরও জোরদার করা হ
ইবোলা সংক্রমণ নিয়ে সতর্ক স্বাস্থ্য দফতর, কিশনগঞ্জ সদর হাসপাতালে ১০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত


কিশনগঞ্জ, ২৭ মে (হি.স.) : বিশ্বজুড়ে ইবোলা সংক্রমণের বাড়তে থাকা ঘটনাকে কেন্দ্র করে সতর্ক হয়ে উঠেছে কিশনগঞ্জ জেলা স্বাস্থ্য দফতর। কেন্দ্রীয় সরকার ও বিহার রাজ্য স্বাস্থ্য সমিতির জারি করা স্বাস্থ্য নির্দেশিকার পর জেলার নজরদারি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সম্ভাব্য সংক্রমণ মোকাবিলায় কিশনগঞ্জ সদর হাসপাতালে ১০ শয্যার বিশেষ আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সম্প্রতি ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো এবং উগান্ডায় ইবোলা সংক্রমণের ঘটনা বৃদ্ধির কথা জানিয়েছে। এরপরই ভারত সরকার সব রাজ্য ও জেলাকে সতর্ক থাকার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই কিশনগঞ্জেও প্রস্তুতি শুরু করেছে স্বাস্থ্য দফতর।

বুধবার জেলার সিভিল সার্জন ডাঃ রাজ কুমার চৌধুরী জানিয়েছেন, ইবোলার মতো মারাত্মক সংক্রামক রোগ মোকাবিলায় সদর হাসপাতালে পৃথক আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। সেখানে সন্দেহভাজন রোগীদের আলাদা রেখে চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। তিনি জানান, জেলার সব স্বাস্থ্যকেন্দ্রকে প্রয়োজনীয় সরঞ্জাম ও সুরক্ষা উপকরণ প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে তীব্র জ্বর, পেটব্যথা, বমি, ডায়রিয়া, ত্বকে ফুসকুড়ি, চোখ লাল হয়ে যাওয়া এবং সাম্প্রতিক বিদেশ সফরের ইতিহাস রয়েছে— এমন ব্যক্তিদের উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের সংক্রমণ শনাক্তকরণ, নমুনা সংগ্রহ, রোগী স্থানান্তর এবং সংক্রমণ নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

নেপাল সীমান্ত লাগোয়া কিশনগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা ও প্রবেশপথগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে। বাইরে থেকে আসা ব্যক্তিদের পরিচয়, স্বাস্থ্য পরীক্ষা এবং ভ্রমণ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে তাঁদের আইসোলেশনে রাখার ব্যবস্থাও করা হয়েছে।

জেলা ও ব্লক স্তরে দ্রুত প্রতিক্রিয়া বাহিনী সক্রিয় করা হয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার এবং কোনও উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আবেদন জানিয়েছে স্বাস্থ্য দফতর।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande