
মুর্শিদাবাদ ও মালদা, ২৭ মে (হি.স.): কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার মুর্শিদাবাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান হাসিনা নসরাতের স্বামী সোহেল রানা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে সোহেল রানাকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ। বুধবার স্থানীয় সূত্রে জানা গেছে, রানিনগরের প্রাক্তন বিধায়ক সৌমিক হোসেনের ঘনিষ্ঠ ওই প্রধানের স্বামী।
এদিকে, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শামসুল হক। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তিনি পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি পঞ্চায়েতের জলঙ্গা গ্রামের বাসিন্দা। বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাতিলের প্রতিবাদে গত ২ এপ্রিল পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের কাছে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। ওই অবরোধে ব্যাপক জমায়েত হয় এবং প্রায় চার ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণ ভাবে ব্যাহত থাকে। ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। ওই ঘটনায় মালদা থানার তরফে প্রায় ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই মামলায় শামসুলকে মঙ্গলবার রাতে নারায়ণপুর বিএসএফ ক্যাম্প এলাকা থেকেই গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে মালদা জেলা আদালতে তোলা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ