
ঝাড়গ্রাম, ২৭ মে (হি.স.) : প্রখর রোদ হোক কিংবা টানা বর্ষা—দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক পুলিশ কর্মীদের। তাঁদের সেই নিরলস কাজ এবং প্রতিকূল আবহাওয়ায় দায়িত্ব পালনের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিএসআর তহবিলের সহযোগিতায় বুধবার ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে তুলে দেওয়া হল গ্রীষ্ম ও বর্ষাকালে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মানব সিংলা, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, জেলার দুই অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি ট্রাফিক-সহ জেলা পুলিশের একাধিক আধিকারিক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, তীব্র গরম ও বর্ষার প্রতিকূল পরিস্থিতিতে কর্মরত ট্রাফিক পুলিশ কর্মীদের কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মীদের হাতে গ্রীষ্ম ও বর্ষাকালে ব্যবহারের উপযোগী প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।জেলা পুলিশ সুপার মানব সিংলা জানান, গোটা জেলার প্রায় ৫০০ জন পুলিশ কর্মীকে এই সরঞ্জাম দেওয়া হবে। তিনি বলেন, “কর্তব্যরত অবস্থায় যাতে পুলিশ কর্মীরা কিছুটা সুবিধা পান, সেই লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”এই উদ্যোগের প্রশংসা করে বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাঁরা যেভাবে নিরলস দায়িত্ব পালন করেন, সেই কথা মাথায় রেখেই এই ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো