সুস্থ বার্ধক্যের জন্য যোগ অত্যন্ত জরুরি : প্রতাপ রাও যাদব
ভোপাল, ২৭ মে (হি.স.) : বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরকে সুস্থ ও নিরোগ রাখতে নিয়মিত যোগাভ্যাস অত্যন্ত প্রয়োজনীয় বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। তাঁর কথায়, “যোগ শুধু শরীরকে ফিট রাখে না, মানসিক সুস্থতাও বজায় রাখতে সাহায্য
সুস্থ বার্ধক্যের জন্য যোগ অত্যন্ত জরুরি : প্রতাপ রাও যাদব


ভোপাল, ২৭ মে (হি.স.) : বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরকে সুস্থ ও নিরোগ রাখতে নিয়মিত যোগাভ্যাস অত্যন্ত প্রয়োজনীয় বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। তাঁর কথায়, “যোগ শুধু শরীরকে ফিট রাখে না, মানসিক সুস্থতাও বজায় রাখতে সাহায্য করে।”

মধ্যপ্রদেশের ছতরপুর জেলার পর্যটন নগরী খাজুরাহোর পশ্চিম মন্দির প্রাঙ্গণে বুধবার সকালে আন্তর্জাতিক যোগ দিবসের ‘২৫তম কাউন্টডাউন মহোৎসব’-এর জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৮০০ জন একসঙ্গে গণযোগাভ্যাসে অংশ নেন। সকাল ৭টা ৫০ মিনিট পর্যন্ত চলে এই বিশেষ যোগাভ্যাস কর্মসূচি।

বুধবার অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব। ভার্চুয়ালি যোগ দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সংস্কৃতি মন্ত্রী ধর্মেন্দ্র লোধী, উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দর সিং পরমার, সাংসদ ভি ডি শর্মা, বিধায়ক অরবিন্দ পাটেরিয়া, ললিতা যাদব-সহ একাধিক জনপ্রতিনিধি।

এদিন প্রতাপ রাও যাদব জানান, এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম রাখা হয়েছে— ‘যোগা ফর হেলথি এজিং’ অর্থাৎ ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’। তিনি বলেন, “যোগের মাধ্যমে শুধু শারীরিক নয়, মানসিক ও সামাজিক সুস্থতাও নিশ্চিত করা সম্ভব। প্রতিদিনের জীবনে যোগকে অন্তর্ভুক্ত করতে হবে।”

অনুষ্ঠানে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ ‘যোগা টি-শার্ট’ প্রকাশ করা হয়। টি-শার্টটির ডিজাইনে ‘সূর্য নমস্কার’-কে আদিবাসী মোটিফের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আয়োজকদের দাবি, এর মাধ্যমে ভারতের সমৃদ্ধ জনজাতি শিল্প ও সংস্কৃতিকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “ভারতীয় জনজাতি সমবায় বিপণন উন্নয়ন নিগম (ট্রাইফেড)-এর মাধ্যমে যুক্ত জনজাতি ভাই-বোনেরাই অত্যন্ত নিষ্ঠা ও উৎসাহের সঙ্গে এই টি-শার্ট তৈরি করছেন। এটি ‘ভোকাল ফর লোকাল’ ও সামগ্রিক সুস্বাস্থ্যের এক অনন্য মেলবন্ধন।”

অনুষ্ঠানে আয়ুষ মন্ত্রকের যুগ্মসচিব মোনালিসা দাস বলেন, “চাপমুক্ত জীবনযাপনের জন্য যোগ অত্যন্ত কার্যকর।” তিনি আগামী ১৪ জুন আয়োজিত ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’ গড়ার প্রচেষ্টায় দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

সাংসদ ভি ডি শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে যোগের বিশ্বব্যাপী স্বীকৃতি পাওয়ায় গর্ব প্রকাশ করেন। একইসঙ্গে খাজুরাহোয় ৫০ শয্যার ‘আয়ুষ ওয়েলনেস সেন্টার’ গড়ে তোলার জন্য কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ‘যোগ পার্ক পোর্টাল’-এরও উদ্বোধন করা হয়।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande