
মুর্শিদাবাদ, ২৭ মে (হি.স.) : মুর্শিদাবাদ জেলার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাসিনা নসরতের স্বামী সোহেল রানাকে মঙ্গলবার রাতে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। ইসলামপুর থানার পুলিশ একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, ধৃত সোহেল রানা রানীনগরের প্রাক্তন বিধায়ক সৌমিক হোসেনের ঘনিষ্ঠ বলে পরিচিত। বুধবার তাঁকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
অন্যদিকে, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার মামলায় তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত অভিযুক্তের নাম শামসুল হক। মঙ্গলবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তিনি পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ী পঞ্চায়েতের জলঙ্গা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে গত ২ এপ্রিল পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের কাছে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। সেই সময় সেখানে প্রচুর মানুষ জমায়েত হন এবং প্রায় চার ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ ছিল। এর ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
এই ঘটনায় মালদা থানার পুলিশ প্রায় ২০ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছিল। সেই মামলাতেই মঙ্গলবার গভীর রাতে নারায়ণপুর বিএসএফ ক্যাম্প এলাকা থেকে শামসুল হককে গ্রেফতার করা হয়।
হিন্দুস্থান সমাচার / সোনালি