
পূর্ব বর্ধমান, ২৬ মে (হি. স.):ভোটার সংক্রান্ত বিভ্রান্তি ও মানসিক উদ্বেগের জেরে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। মৃতার নাম মনু বিবি। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের কালনা থানার কোম্পানিডাঙা এলাকায়। বুধবার সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা হাসপাতালে পাঠায় পুলিশ।পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রথমে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ গিয়েছিল। পরে শুনানির মাধ্যমে ফের ভোটার তালিকায় নাম ওঠে এবং তিনি এবারের নির্বাচনে ভোটও দেন। কিন্তু ভোট দিতে গিয়ে বুথ লেভেল অফিসারের দেওয়া বুথ স্লিপটি হারিয়ে ফেলেন তিনি। এরপর থেকেই বিভিন্ন খবর ও এলাকার মানুষের নানা মন্তব্য শুনে মানসিকভাবে ভেঙে পড়েন মনু বিবি।পরিজনদের দাবি, তাঁর মনে ভয় তৈরি হয়েছিল যে বুথ স্লিপ হারিয়ে যাওয়ার কারণে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। এই বিষয়টি নিয়ে তিনি মাঝেমধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গে উদ্বেগ প্রকাশ করতেন। পরিবারের লোকজন তাঁকে বোঝানোর চেষ্টা করলেও তাঁর মানসিক দুশ্চিন্তা কাটেনি বলেই দাবি।ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়