
নয়ডা, ২৭ মে (হি. স.): মানসিক অবসাদের জেরে এক কিশোরীর আত্মহত্যার অভিযোগ উঠল উত্তর প্রদেশের নয়ডায় । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, নয়ডার ফেস-১ থানা অন্তর্গত হরৌলা গ্রামে । বছর সতেরোর ওই কিশোরীর দেহ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে , মৃত কিশোরীর নাম নিক্কি (১৭)। সে হরৌলা গ্রামের বাসিন্দা ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার রাতে মৃতের ভাই ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় । এরপর আশঙ্কাজনক অবস্থায় কিশোরীর ভাই তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় । পুলিশ আরও জানায়, মৃতের বাবা-মা বিহারের বাসিন্দা। ঘটনার কিছুদিন আগে তাঁরা দুজনেই গ্রামের বাড়িতে গিয়েছেন। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনও পর্যন্ত অজানা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দ্বিতীয় ঘটনায় নয়ডার সেক্টর-২০ থানার অন্তর্গত এলাকায় রহস্যজনক ভাবে উদ্ধার এক প্রৌঢ়ের দেহ। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, নিঠারি গ্রামের কাছ থেকে বছর ৪৮ এর এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় ।
তৃতীয় ঘটনাটি ঘটেছে নয়ডার বিটা-২ থানার অন্তর্গত এলাকায়। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সতীশ কুমার (৩৫)। সন্দেহজনক পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
চতুর্থ ঘটনাটি ঘটেছে নয়ডার ফেস-১ থানার অন্তর্গত এলাকায় । বুধবার পুলিশ সূত্রে জানা গেছে , মৃতের নাম দীপক (৪২)। তাঁরও সন্দেহজনক পরিস্থিতিতে মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই চারটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক