
সুলতানপুর, ২৭ মে ( হি. স.): উত্তর প্রদেশের সুলতানপুরে ঘটল এক সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার, কাদিপুর এলাকায়। একটি দ্রুতগতির বাইকের সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দুজনের।
বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে একজন দামোদরপুর গ্রামের বাসিন্দা রামপূজন (৫০) । তিনি মুসওয়া সরাইয়া এলাকায় একটি জনসেবা কেন্দ্র চালাতেন। অপরজন মসরৈয়া মুস্তাফাবাদের বাসিন্দা অনুরাগ (২০) ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রতিদিনের মতোই রামপূজন সাইকেলে করে নিজের গন্তব্যে যাচ্ছিলেন। সেই সময় কাদিপুর-দোস্তপুর রোডের সরাইয়া বাজারের কাছে রাস্তার অপরদিক থেকে দ্রুতগতিতে ধেয়ে আসে একটি বাইক এবং রামপুজনের সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে ঘটনাস্থলেই রামপূজনের মৃত্যু হয়। বাইক আরোহী অনুরাগ এই দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাঁর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। তবে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই অনুরাগের মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক