
কলকাতা, ২৭ মে (হি.স.): প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করল পুলিশ। বুধবার দুপুরে ছাদ থেকে পড়ে যাওয়ার পর গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর পুলিশ এবং ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পরিচালকের বাড়ি থেকে এক জোড়া চটি এবং একটি হাতে লেখা নোট উদ্ধার হয়েছে। ওই নোটে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” পুলিশ এখন এই নোটের সত্যতা এবং সমগ্র ঘটনাটি খতিয়ে দেখছে।
তথ্য অনুযায়ী, হিন্দুস্তান পার্ক এলাকায় অনীক দত্তের প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, বুধবার সকালে অনীক দত্ত সেখানে গিয়েছিলেন। যদিও তিনি নিজে ডোভার লেনের আবাসে থাকতেন।
ঘটনার পরই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে জরুরি বিভাগে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য দেহটি এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে।
অনীক দত্তের প্রয়াণের খবর পেয়েই হাসপাতালে পৌঁছান বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। সিপিআইএম নেতা মহম্মদ সেলিম এবং বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ সহ চলচ্চিত্র ও রাজনৈতিক জগতের বহু পরিচিত মুখ সেখানে উপস্থিত হন। চলচ্চিত্র প্রযোজক ফিরদৌসুল হাসান জানান, এই মুহূর্তে বিষয়টি নিয়ে বেশি কিছু বলা সম্ভব নয়, পরিবারের সদস্যদের জন্য অপেক্ষা করা হচ্ছে।
হাসপাতাল সূত্রে খবর, সময় পার হয়ে যাওয়ার কারণে বুধবার ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল হিন্দুস্তান পার্কের ওই বাড়িতে তল্লাশি চালাচ্ছে এবং সব দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি