
উত্তর ২৪ পরগনা, ২৭ মে (হি.স.) : জেলার মছলন্দপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অজিত সাহা এবং তাঁর ভাই সুজিত কুমার সাহাকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত অজিত সাহা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত।
তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে গোবরডাঙা থানার পুলিশ মছলন্দপুরের বাসিন্দা অজিত সাহা এবং তাঁর ভাইয়ের বাড়িতে যৌথ অভিযান চালায়। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে পুলিশ ওই বাড়ি থেকে ২৭ লক্ষ টাকারও বেশি নগদ অর্থ উদ্ধার করে। এত বিপুল পরিমাণ টাকা কেন বাড়িতে রাখা হয়েছিল এবং এই টাকার উৎস কী, সে বিষয়ে অভিযুক্তরা কোনও সদুত্তর দিতে পারেননি।
নগদ টাকার পাশাপাশি তল্লাশি চলাকালীন বাড়ি থেকে মোট ৬২৬ রাউন্ড তাজা কার্তুজ, ৬১টি খালি কার্তুজ, একটি ৭-এমএম পিস্তল এবং একটি এয়ারগান উদ্ধার করেছে পুলিশ। এছাড়া সেখান থেকে ৫২ বোতল বিদেশি মদও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও নগদের স্বপক্ষে অভিযুক্তরা কোনও বৈধ নথি দেখাতে পারেননি।
অভিযানের পর মঙ্গলবার রাতেই দু'জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। বুধবার তাঁদের বারাসাত আদালতে পেশ করা হয়েছে।
আদালতে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজিত সাহা দাবি করেন, তাঁরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার কারণেই তাঁদের রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। অজিত সাহাও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। উল্লেখ্য, ধৃতদের বিরুদ্ধে এর আগেও তোলাবাজি, হুমকি এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার সঙ্গে জড়িত থাকার একাধিক অভিযোগ ছিল।
হিন্দুস্থান সমাচার / সোনালি