
আজমগড়, ২৭ মে (হি.স.) : উত্তর প্রদেশের আজমগড় জেলার সিধারি থানা এলাকার মাতৌলিপুর গ্রামে মর্মান্তিক ঘটনা। খেতের বেড়ায় লাগানো বিদ্যুৎবাহী কাঁটাতারের সংস্পর্শে এসে বুধবার এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতার পরিবারের সদস্য ও গ্রামবাসীরা অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে বিক্ষোভ দেখান এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।
এদিন জানা গিয়েছে, মাতৌলিপুর গ্রামের বাসিন্দা মন্ধহির রায়ের একটি পোল্ট্রি ফার্ম রয়েছে। পাশাপাশি তিনি সবজি চাষও করতেন। খেত রক্ষার উদ্দেশ্যে জমির চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়া ছিল। অভিযোগ, সেই কাঁটাতারের সঙ্গে বিদ্যুতের সংযোগ লাগানো হয়েছিল, যার ফলে তাতে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। বুধবার সকালে গ্রামের বাসিন্দা ঘনশ্যাম নিষাদের স্ত্রী, ধর্মদেবী (৪২) ঘাস কাটতে মাঠে গিয়েছিলেন। সেই সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎবাহী কাঁটাতারের সংস্পর্শে চলে আসেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অভিযোগ, ঘটনার পর মন্ধহির রায় কাঁটাতারের সঙ্গে যুক্ত বিদ্যুতের সংযোগ খুলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর ছড়িয়ে পড়তেই মৃতার পরিবারের সদস্যদের পাশাপাশি বহু গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে বিক্ষোভ শুরু করেন।খবর পেয়ে সিধারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর চেষ্টা করলে পরিবারের সদস্যরা বাধা দেন। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে অনড় ছিলেন গ্রামবাসীরা। পরে পুলিশ বোঝানোর পর মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস