
গুয়াহাটি, ২৭ মে (হি.স.) : গুয়াহাটির দিশপুরে অসম বিধানসভার সামনে বিদ্যুৎ পরিবাহী খুঁটিতে ধাক্কা মারার ফলে ঘটনাস্থলেই দুরন্ত মোটর বাইকের যুব-আরোহীর মৃত্যু হয়েছে।
প্রাপ্ত খবরে প্রকাশ, ঘটনা গতকাল সোমবার রাতে সংঘটিত হয়েছে। মৃত যুবকটি একটি রয়্যাল এনফিল্ড হিমালয়ান মোটর বাইকে করে গণেশগুড়ির দিক থেকে আসছিলেন। বাইকটি এতই দ্রুতগতিতে ছিল যে, আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে।
ধাক্কার সঙ্গে সঙ্গে মোটর বাইকে আগুন ধরে এবং মুহূর্তের মধ্যে তা আগুনে পুড়ে যায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে যুবকের মুখ ও শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে দগ্ধ হয়। ঘটনাস্থলেই ধেমাজি জেলার বাসিন্দা যুবকের মৃত্যু হয়।
ঘটনার কিছুক্ষণের মধ্যেই দিশপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস