
আগরতলা, ২৭ মে (হি.স.) : জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিকের অধীন খাদ্য সুরক্ষা দফতরের একটি যৌথ দল বুধবার রাজধানী আগরতলায় বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল ও খাদ্য বিক্রয়কেন্দ্রে আচমকা পরিদর্শন চালানো হয়।
অভিযানের শুরুতেই শহরের মিঠাই নামের একটি মিষ্টির দোকানে হানা দেন দফতরের আধিকারিকরা। পরিদর্শনের সময় দোকানটির রান্নাঘরে চরম অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র ধরা পড়ে। পাশাপাশি বেশ কিছু মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রীও উদ্ধার করা হয় বলে জানা গেছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট দোকান কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে দফতর।
এ বিষয়ে ফুড সেফটি অফিসার ডাঃ অমরত্ত্ব দেবনাথ জানান, খাদ্য সুরক্ষা দফতরের যৌথ দল নিয়মিত রুটিন পরিদর্শনের অংশ হিসেবেই শহরের বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠান পরিদর্শন করছে। সেই ধারাবাহিকতায় ওই মিষ্টির দোকানে গিয়ে অস্বাস্থ্যকর রান্নাঘর ও মেয়াদোত্তীর্ণ সামগ্রী পাওয়া যায়।
তিনি আরও জানান, দোকান কর্তৃপক্ষকে “ইমপ্রুভমেন্ট নোটিশ” জারি করা হয়েছে এবং দ্রুত ত্রুটিগুলি সংশোধনের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে তাঁরা দফতরের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজন অনুযায়ী পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও রাজধানী আগরতলা ও আশপাশের বিভিন্ন দোকান, রেস্তোরাঁ এবং ফুড আউটলেটে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ