
হুগলি , ২৭ মে (হি.স.) : গ্রিন সিটি প্রকল্পে আর্থিক প্রতারণার অভিযোগে তিনজন গ্রেফতার
আরামবাগে গ্রিনসিটি প্রকল্পের টাকা আত্মসাৎ ও আর্থিক প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, আরামবাগ পৌরসভার পৌরপ্রধান সমীর ভান্ডারী গত ৪ তারিখে আরামবাগ থানায় স্বপন নন্দী-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে গ্রিনসিটি প্রকল্পের অর্থ ব্যবহারে অনিয়ম ও প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে এবং নথিপত্র খতিয়ে দেখে বিভিন্ন তথ্য সংগ্রহ করে।
তদন্তের ভিত্তিতে বুধবার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম মানস কুণ্ডু, স্বরবানু ঘোষ (তুম্ব) এবং কৌস্তব মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন ঠিকাদার, একজন ইলেকট্রিক সুপারভাইজার এবং একজন আরামবাগ পৌরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার রয়েছেন।
পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে এবং এই আর্থিক অনিয়মের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে বিভিন্ন নথি ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, আরামবাগ পৌরসভার বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ জানান জনসাধারণের টাকার অপব্যবহার কোনওভাবেই বরদাস্ত করা হবে না। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যই থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসবে বলে তিনি আশাবাদী।
এদিকে, এই গ্রেফতারির ঘটনায় আরামবাগ জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও চলছে এবং প্রয়োজন হলে আরও গ্রেফতারির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA