
হুগলি , ২৭ মে (হি.স.) : আর্থিক তছরুপ ও ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ তুলে গোঘাটের বেলডিহা এলাকায় একাধিক তৃণমূল নেতার নামে পোস্টার পড়াকে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্য ছড়াল। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলডিহা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বুধবার সকালে একাধিক পোস্টার দেখা যায়। পোস্টারগুলিতে স্থানীয় তৃণমূল নেতা অরুণ পাল, অশ্বিনী গায়েন, সুজিত দাস ও নিতাই নন্দীর বিরুদ্ধে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে।
পোস্টারে দাবি করা হয়েছে, রাস্তাঘাট নির্মাণ, বাংলা আবাস যোজনা, বৃক্ষরোপণ প্রকল্প, জব কার্ড ও শৌচালয় নির্মাণের জন্য বরাদ্দ অর্থ সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি সরকারি প্রকল্পে অনিয়ম ও ‘কাটমানি’ নেওয়ার অভিযোগও তোলা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। যদিও পোস্টারগুলি কারা লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে, অভিযুক্ত তৃণমূল নেতাদের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাবমূর্তি নষ্ট করতেই এই ধরনের পোস্টার দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। পোস্টারের উৎস ও অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্তের দাবি উঠেছে এলাকায়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA