তৃণমূলের ‘অলিখিত পার্টি অফিস’-এ তল্লাশি, উদ্ধার নথি-লাঠি দাবি গ্রামবাসীদের
হুগলি , ২৭ মে (হি.স.) : গোঘাটের কামারপুকুর এলাকায় একটি ক্লাবঘরকে দীর্ঘদিন ধরে অলিখিতভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ তুলে বুধবার তালা ভেঙে তল্লাশি চালালেন স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপির এক
তৃণমূলের ক্লাবের তল্লাশি গ্রামবাসীদের


হুগলি , ২৭ মে (হি.স.) : গোঘাটের কামারপুকুর এলাকায় একটি ক্লাবঘরকে দীর্ঘদিন ধরে অলিখিতভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ তুলে বুধবার তালা ভেঙে তল্লাশি চালালেন স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা-কর্মীও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুকান্ত উদ্যান সংলগ্ন ওই ক্লাবঘরটি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হলেও সম্প্রতি সেটি কার্যত রাজনৈতিক কার্যালয়ে পরিণত হয়েছে বলে অভিযোগ ওঠে। বুধবার গ্রামবাসীরা ক্লাবের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তল্লাশি চালান।

গ্রামবাসীদের দাবি, তল্লাশির সময় ক্লাবঘরের ভিতর থেকে বেশ কিছু জমির দলিলের জেরক্স কপি, বিভিন্ন ব্যক্তির বায়োডাটা, লাঠি এবং কিছু সরকারি সামগ্রী উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া নথি ও সামগ্রী ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত বিজেপি নেতাদের অভিযোগ, জনসাধারণের ব্যবহারের ক্লাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছিল এবং সেখানে গুরুত্বপূর্ণ নথিপত্র মজুত রাখা হয়েছিল। উদ্ধার হওয়া সামগ্রীর বিষয়ে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তাঁরা।

অন্যদিকে, এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির উপর নজর রাখে। এলাকায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সতর্কতা অবলম্বন করা হয়েছে।

ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসনিক তদন্তের দাবি উঠেছে স্থানীয় মহলে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande