
পাথারকান্দি (অসম), ২৮ মে (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দি থানাধীন বারইগ্রামের শেরপুর গ্রামে অভিযান চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকার মাদক ইয়াবা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের একজন পাথারকান্দির কমলাটিলা গ্রামের জনৈক ইসম মিয়াঁর বছর ৪০-এর ছেলে নুরুল ইসলাম এবং অপরজন ধলছড়ার বাসিন্দা সামসুল হকের ২৮ বছরের ছেলে আব্দুল হান্নান বলে জানা গেছে।
পাথারকান্দি থানার ওসি ইনস্পেক্টর মানসজ্যোতি বড়ো জানান, গোপন খবরের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ঈদের ভোরে বারইগ্রাম ওয়াচপোস্টের পুলিশ-দলকে সঙ্গে নিয়ে শেরপুর গ্রামে গিয়ে ড্রাগস সহ দুজনকে তিনি গ্রেফতার করেন। এরা ড্রাগসগুলি পাচার করতে বারইগ্রাম থেকে এরালিগুলের উদ্দেশে যাচ্ছিল। ধৃতদের তালাশি করে একটি নাইলনের ব্যাগ থেকে তিনটি থলিতে ছয় হাজারটি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি জানান, তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি মানসজ্যোতি বড়ো।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস