
গুয়াহাটি, ২৮ মে (হি.স.) : উত্তর গুয়াহাটিতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। স্করপিও এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিনজনের। নিহতদের পার্থপ্রতিম বর্মণ, রঞ্জিত দে এবং করুণা বেজবরুয়া বলে শনাক্ত করা হয়েছে। তাঁরা সকলেই মালিগাঁওয়ের গোশালা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে গুয়াহাটি থেকে নাওকাটা সড়কের জয়গুরু এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ভুল পথে আগত এএস ০১ ডিসি ৩১৪১ নম্বরের এক ট্রাক তিন যাত্রীবাহী এএস ০১ জিপি ৯৯৪০ নম্বরের স্করপিও গাড়িকে ধাক্কা মারায় ভয়ংকর দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। দুর্ঘটনা সংঘটিত ঘাতক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে গেছে চালক।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় পুলিশের দল। তাঁরা নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন। পাশাপাশি ঘাতক ট্রাককে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস