মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে গুরুতর জখম নাবালক
দীঘা, ২৮ মে (হি. স.): মন্দারমণির সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে গুরুতর জখম হলো এক সাত বছরের নাবালক। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই নাবালকের নাম রিয়াংশ সরকার। বর্তমানে সে কাঁথির একটি বেসরকারি নার্সিংহোমে
মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে গুরুতর জখম নাবালক


দীঘা, ২৮ মে (হি. স.): মন্দারমণির সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে গুরুতর জখম হলো এক সাত বছরের নাবালক। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই নাবালকের নাম রিয়াংশ সরকার। বর্তমানে সে কাঁথির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের ধানবাদ থেকে বাবা-মায়ের সঙ্গে মন্দারমণিতে বেড়াতে এসেছিল রিয়াংশ। এদিন সকালেই তারা মন্দারমণির একটি হোটেলে এসে পৌঁছায়। সেই হোটেলেই একটি সুইমিং পুল ছিল। সকালের দিকে প্রথমে হোটেলের পুলে স্নান করে রিয়াংশ। হোটেলের ঠিক সামনেই ছিল সমুদ্র। অভিযোগ, সুইমিং পুল থেকে উঠে পরিবারের অজান্তেই আচমকা সমুদ্রের দিকে চলে যায় ওই নাবালক। সমুদ্রের জলে নামতেই আচমকা ঢেউয়ের ধাক্কায় সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং বেশ কিছুটা নোনা জল তার পেটে চলে যায়।

পরিস্থিতি বেগতিক দেখে সৈকতে উপস্থিত নুলিয়া এবং অন্যান্য পর্যটকেরা দ্রুত তৎপরতার সঙ্গে তাকে সমুদ্রের জল থেকে উদ্ধার করেন। এরপর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি কাঁথির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানেই বর্তমানে তার চিকিৎসা চলছে।

এদিকে, এই ঘটনার পর মন্দারমণির মতো একটি বিখ্যাত পর্যটন কেন্দ্রের চিকিৎসা পরিকাঠামো নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের একাংশ। এলাকাবাসীর দাবি, মন্দারমণির মূল পর্যটন কেন্দ্রের আশেপাশে কোনও সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা আপৎকালীন চিকিৎসা ব্যবস্থা নেই। ফলে এই ধরণের কোনও দুর্ঘটনা ঘটলে প্রাথমিক চিকিৎসা পরিষেবা পেতেই বেশ কিছুটা সময় নষ্ট হয়ে যায়। কোনও জরুরি বা আশঙ্কাজনক পরিস্থিতি থাকলে অনেক সময় বড়সড় দুর্ঘটনাও ঘটে যাওয়ার আশঙ্কা থাকে। তাই মন্দারমণির মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রে অবিলম্বে একটি স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande