চিল্কীগড়ে ডুলুং নদীর উপর সেতু নির্মাণের আশ্বাস, স্বপ্নপূরণের আশা জামবনি–চিল্কীগড় বাসিন্দাদের
ঝাড়গ্রাম, ২৮ মে (হি.স.) : জামবনি ও চিল্কীগড়ের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস দিলেন বিনপুর বিধানসভার বিজেপি বিধায়ক প্রণত টুডু। বৃহস্পতিবার চিল্কীগড় এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি ডুলুং নদীর উপর সেতু নির্মাণের বিষয়ে আশ
চিল্কীগড়ে ডুলুং নদীর উপর সেতু নির্মাণের আশ্বাস, স্বপ্নপূরণের আশা জামবনি–চিল্কীগড় বাসিন্দাদের


ঝাড়গ্রাম, ২৮ মে (হি.স.) : জামবনি ও চিল্কীগড়ের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস দিলেন বিনপুর বিধানসভার বিজেপি বিধায়ক প্রণত টুডু। বৃহস্পতিবার চিল্কীগড় এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি ডুলুং নদীর উপর সেতু নির্মাণের বিষয়ে আশ্বাস দেন। এদিন বিধায়ক জানান, বিষয়টি তিনি আগামী মন্ত্রিসভার বৈঠকে তুলবেন এবং যত দ্রুত সম্ভব সেতু নির্মাণের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ইস্তেহারে চিল্কীগড়ে ডুলুং নদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বর্তমানে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর স্থানীয় বাসিন্দারা নতুন করে আশার আলো দেখছেন।

স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের আমলেও একাধিকবার সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হলেও কাজ বাস্তবে এগোয়নি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পিডব্লিউডি (সিভিল) এই সেতু নির্মাণের দায়িত্বে থাকবে। প্রকল্পটি বর্তমানে নকশা ও পরিকল্পনার স্তরে রয়েছে। এর পর এস্টিমেট পাঠানো হবে সংশ্লিষ্ট দপ্তরে। মাটি পরীক্ষার জন্য পাঁচটি বোরিং করা হলেও এরপর আর কাজ এগোয়নি বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিল্কীগড়ে ডুলুং নদীর এক পাশে জামবনি থানা ও ব্লক সদর গিধনি রয়েছে, অন্যদিকে রয়েছে ব্লক স্বাস্থ্যকেন্দ্র। নদীর দুই প্রান্তে বহু গ্রাম অবস্থিত। সেতু নির্মিত হলে ওই সমস্ত গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে।

প্রতি বছর বর্ষায় ডুলুং নদীর জল বৃদ্ধি পাওয়ায় চিল্কীগড় কজওয়ের উপর দিয়ে জল বইতে শুরু করে। ফলে জামবনি ব্লকের একাংশের সঙ্গে জেলা সদর ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন চিচিড়া, শাবলমারা, ঘুটিয়া, বেলদা এবং ঝাড়খণ্ড সীমান্তবর্তী দৈয়চাকুরিয়া, আমতলিয়া, গিধনি সহ বহু গ্রামের মানুষকে ঘুরপথে যাতায়াত করতে হয়।

দীর্ঘ কয়েক দশক ধরে স্থানীয় বাসিন্দারা এই সেতুর দাবি জানিয়ে আসছেন। বাম জমানা থেকে শুরু করে বর্তমান সরকার—সব আমলেই এই বিষয়ে দাবি জানানো হলেও বাস্তবে কাজ শুরু হয়নি বলে অভিযোগ।

এদিন বিধায়ক প্রণত টুডু বলেন, বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে দেখবেন এবং দ্রুত সেতু নির্মাণের কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande