
কাঙপোকপি (মণিপুর), ২৮ মে (হি.স.) : ছয় নাগা নাগরিক অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং। আজ বৃহস্পতিবার কাঙপোকপি জেলার মাখান নাগা গ্রাম পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, অপহৃতদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী তালাশি ও চিরুনি অভিযান চালিয়ে যাচ্ছে। তিনি জানান, সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
আজ মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং মাখান ব্যাপ্টিস্ট চার্চে স্থাপিত অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের (আইডিপি) একটি ত্রাণ শিবিরও পরিদর্শন করেছেন। এই শিবিরে প্রায় ৩৫ জন আশ্রয় নিয়েছেন। তাঁদের মধ্যে কনসাখুল গ্রামের মহিলা ও শিশুও রয়েছে। সশস্ত্র দুষ্কৃতীরা আগে তাদের অপহরণ করেছিল এবং পরে মুক্তি দেয়।
উপমুখ্যমন্ত্রী লস্সি দিখো, একাধিক বিধায়ক এবং শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, চিনি, চা পাতা, বিস্কুট সহ অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করেন। তিনি আজ গ্রামের কমিউনিটি হলও পরিদর্শন করেছেন। আরও বাস্তুচ্যুত মানুষদের থাকার ব্যবস্থা নিয়ে স্থানীয় প্রশাসন ও গ্রাম নেতাদের সঙ্গে আলোচনা করেন। কাঙপোকপির ডেপুটি কমিশনারকে মশারির ইত্যাদির মতো প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের নির্দেশ দিয়েছেন তিনি।
গ্রামের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীকে জানান, সাম্প্রতিক ঘটনাগুলোর পর আতঙ্কের কারণে কাঙপোকপি জেলার বেশ কয়েকটি নাগা পরিবার নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস