
কলকাতা, ২৮ মে (হি.স.): পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পশ্চিমবঙ্গের রাজ্যবাসী তথা সমগ্র দেশবাসীকে আন্তরিক ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন রাজভবনের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। বৃহস্পতিবার সমাজমাধ্যম প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে একটি বার্তার মাধ্যমে তিনি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।
নিজের এক্স হ্যান্ডেল পোস্টে রাজ্যপাল লিখেছেন, ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র উৎসব সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করুক এবং সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও সুখ।
উল্লেখ্য, ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম উৎসব। চলতি কথায় এই উৎসবটি ‘কুরবানির ঈদ’ নামেও অত্যন্ত পরিচিত। একে ‘ঈদুজ্জোহা’-ও বলা হয়ে থাকে। ‘ঈদুল আযহা’ মূলত একটি আরবি বাক্যাংশ, যার আক্ষরিক অর্থ হলো— ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য এবং তাৎপর্যই হলো ত্যাগ স্বীকার করা। এই বিশেষ দিনটিতে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে দুই রাকাত ঈদুল আযহার ওয়াজিব নামাজ আদায় করেন এবং তার পরেই নিজ নিজ আর্থিক সামর্থ্য অনুযায়ী আল্লাহর নামে গরু, ছাগল, ভেড়া, মহিষ বা উট কুরবানি দিয়ে থাকেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত