
বাঁকুড়া, ২৮ মে (হি.স.) : ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী নেতা বিনায়ক দামোদর সাভারকরের জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার বাঁকুড়ায় মহাসমারোহে অনুষ্ঠান পালিত হল। বাঁকুড়া জেলা হিন্দু মহাসভার উদ্যোগে রানীগঞ্জ মোড়ে আয়োজিত হয় এক মহতী সভা ও দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান।এদিন প্রথমে রানীগঞ্জ মোড়ে স্থাপিত বীর সাভারকরের ব্রোঞ্জ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করেন হিন্দু মহাসভার কর্মকর্তারা।পরে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন স্বামী রামেশ্বর পুরী মহারাজ, প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুভাষ সরকার, বিশ্ব হিন্দু পরিষদের জেলা কার্যকর্তা রণধীর মুখোপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক সোমনাথ বরাট-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।বক্তারা তাঁদের বক্তব্যে সাভারকরের দেশপ্রেম, একই জীবনে দু’বার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তি, আন্দামানের সেলুলার জেলে অকথ্য ব্রিটিশ অত্যাচার সহ্য করেও তাঁর অদম্য মানসিক শক্তি এবং কারাবাসের মধ্যেই সাহিত্য রচনার প্রসঙ্গ তুলে ধরেন। কলমের অভাবে দেওয়ালে কাঠকয়লা ও ইটের টুকরো দিয়ে কবিতা লেখার ঘটনা এবং জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দিয়ে সাঁতরে ফ্রান্সের উপকূলে পৌঁছে যাওয়ার রোমহর্ষক কাহিনিও আলোচনায় উঠে আসে।অনুষ্ঠানে বৃন্দাবন বরাট, সুপ্রিয় পাল ও বন্দনা মুখোপাধ্যায় দেশাত্মবোধক গান পরিবেশন করেন। এছাড়াও সমবেত নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট