
লখনউ, ২৮ মে (হি.স.) : উত্তর প্রদেশে আবহাওয়ার পরিবর্তনের জেরে তীব্র গরম ও তাপপ্রবাহে নাজেহাল মানুষ বৃহস্পতিবার থেকে কিছুটা স্বস্তি পেতে চলেছেন। এদিন ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় প্রবল ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা কমবে এবং গরমের দাপট অনেকটাই কমবে। তবে বুন্দেলখণ্ড ও প্রয়াগরাজ এলাকায় এখনও তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম বজায় রয়েছে।
আবহাওয়া দফতর আগ্রা, মেরঠ, কানপুর, হামিরপুর, বান্দা-সহ একাধিক জেলায় প্রবল ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে। দীর্ঘদিনের অসহনীয় গরমের পর এই আবহাওয়া পরিবর্তনে মানুষের স্বস্তি মিলবে বলেই আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার লখনউ-সহ একাধিক জেলায় তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে এবং বাতাসের গতিপ্রকৃতিতেও কিছুটা কোমলতা দেখা গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃহস্পতিবার থেকে ৩১ মে পর্যন্ত উত্তর প্রদেশের অধিকাংশ এলাকায় প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের কিছু অংশে শিলাবৃষ্টিও হতে পারে। এর ফলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এবং প্রায় এক সপ্তাহ তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলবে।
আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, পশ্চিম উত্তর প্রদেশে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ধূলিঝড় বয়ে যেতে পারে। পূর্ব উত্তর প্রদেশেও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার জন্য লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। কিছু এলাকায় ঝড়ের গতি ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর।
লখনউ আবহাওয়া কেন্দ্রের তরফে ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ১ জুন পর্যন্ত পশ্চিম ও পূর্ব উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে ২ ও ৩ জুন আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
রাজধানী লখনউয়ে বৃহস্পতিবার আবহাওয়া গরম ও শুষ্ক থাকলেও দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি কমে ৩৮ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। যদিও রাতের দিকে আবহাওয়ার পরিবর্তন হয়ে ঝড়-বৃষ্টি হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য