
কোচবিহার, ২৮ মে (হি.স.): বৃহস্পতিবার কোচবিহার সফরে এলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সার্কিট হাউসে তাঁকে স্বাগত জানান কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব। বৃহস্পতিবার সেখানে জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে তিনি সোজা চলে যান এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতাল পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন পুলিশ–প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। এরপর তিনি রিজিওনাল ক্যানসার সেন্টারে গিয়ে সেখানকার পরিকাঠামো খতিয়ে দেখেন।
উল্লেখ্য, আশির দশকের শেষভাগ। তখন বাসে চেপে কোচবিহারে এসে রিজিওনাল ক্যানসার সেন্টার তৈরির জন্য চাঁদা সংগ্রহ করেছিলেন মিঠুন চক্রবর্তী। সেই স্মৃতির সাক্ষী হয়ে থাকা সেন্টারটির বেহাল দশা দেখে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মিঠুন। সেই কথা রাখতেই বৃহস্পতিবার কোচবিহারে হাজির হন মিঠুন চক্রবর্তী। তাঁর এই সফর ঘিরে এদিন জেলাজুড়ে তৈরি হয়েছিল ব্যাপক উৎসাহ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ