বিজেপি নেতাদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে তৃণমূল ব্লক সভাপতি আটক
দুর্গাপুর, ২৮ মে (হি.স.) : পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বুধবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর-১ ব্লক সভাপতি রাজীব ঘোষকে বিজেপি কর্মীরা হাতেনাতে ধরে ফেলেন বলে অভিযোগ। বিজেপি নেতৃত্বের দাবি, তিনি সেখানে পদ্ম শিবিরের স্থানীয় নেতার সঙ্গে গোপন
বিজেপি নেতাদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে তৃণমূল ব্লক সভাপতি আটক


দুর্গাপুর, ২৮ মে (হি.স.) : পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বুধবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর-১ ব্লক সভাপতি রাজীব ঘোষকে বিজেপি কর্মীরা হাতেনাতে ধরে ফেলেন বলে অভিযোগ। বিজেপি নেতৃত্বের দাবি, তিনি সেখানে পদ্ম শিবিরের স্থানীয় নেতার সঙ্গে গোপন বৈঠক করতে এসেছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাজীব ঘোষকে আটক করে দুর্গাপুর থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। আদালতে নিয়ে যাওয়ার সময় বিজেপি সমর্থকেরা রাজীব ঘোষকে লক্ষ্য করে জুতো দেখান এবং “চোর-চোর” স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

তথ্য অনুযায়ী, বুধবার রাতে দুর্গাপুরের ইস্পাত নগরী টাউনশিপ এলাকায় রাজীব ঘোষ এক স্থানীয় বিজেপি নেতার সঙ্গে গোপনে যোগাযোগ করতে গিয়েছিলেন। এই খবর জানাজানি হতেই ক্ষুব্ধ বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে ঘিরে ফেলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশকে খবর দেওয়া হয়। দুর্গাপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তৃণমূল নেতাকে নিজেদের হেফাজতে নেয়।

বিজেপি নেতাদের অভিযোগ, রাজীব ঘোষ দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, বিরোধী কর্মীদের হুমকি দেওয়া এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। গেরুয়া শিবিরের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার জেরে এলাকার বহু বিজেপি সমর্থককে ঘরছাড়া হতে হয়েছিল এবং অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা তোলাবাজি করা হয়েছিল। এই সমস্ত ঘটনার নেপথ্যে রাজীব ঘোষের প্রধান ভূমিকা ছিল বলে তাঁদের অভিযোগ।

এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি নেতাদের দাবি, রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি বদলাতে দেখে এখন তৃণমূলের বহু নেতা আত্মরক্ষার্থে বিজেপির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। দুর্গাপুর-১ মণ্ডলের এক বিজেপি পদাধিকারী জানান, নির্বাচনের পর যাঁদের অত্যাচারে কর্মীরা ঘরছাড়া হয়েছিলেন, তাঁদের কোনওভাবেই দলে গ্রহণ করা হবে না। যদিও এই পুরো বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande