
হুগলি , ২৮ মে (হি.স.) : দীর্ঘদিনের দাবি, আন্দোলন ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো আরান্ডী–জয়সিংহচক ব্রিজের নির্মাণ কাজ। বৃহস্পতিবার ভিতপুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সেতু নির্মাণের সূচনা হয়। এই ঘটনায় খুশির হাওয়া ছড়িয়েছে আরান্ডী ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ও সাধারণ মানুষ। ভিতপুজোর মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করেন।
বিধায়ক হেমন্ত বাগ জানান, এই ব্রিজ শুধুমাত্র একটি নির্মাণ প্রকল্প নয়, এটি এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণের সূচনা। দীর্ঘদিন ধরে যাতায়াতের সমস্যায় ভুগছিলেন এলাকার বাসিন্দারা। বিশেষ করে বর্ষার সময় দুর্ভোগ চরমে পৌঁছাত। ব্রিজ নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে এবং এলাকার সামগ্রিক উন্নয়নের পথ আরও প্রশস্ত হবে বলে তিনি আশাবাদী।
তিনি আরও বলেন, মানুষের পাশে থেকে উন্নয়নের প্রতিশ্রুতি পূরণে তাঁরা বদ্ধপরিকর। এলাকার মানুষের দাবি ও প্রয়োজনকে গুরুত্ব দিয়েই এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বহু বছর ধরে এই ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আন্দোলন চলছিল। অবশেষে কাজ শুরু হওয়ায় তাঁরা অত্যন্ত খুশি। ব্রিজ তৈরি হলে ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ এবং ব্যবসায়ীদের যাতায়াত অনেক সহজ হবে বলে মত এলাকাবাসীর।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলেই দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA