বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা সেচ দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত দুই বিধায়ক
হুগলি , ২৮ মে (হি.স.) : আসন্ন বর্ষাকালকে সামনে রেখে আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি ও প্রতিরোধমূলক প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার জেলা সেচ দফতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পুরশুড়ার বিধায
জেলা সেচ দপ্তরে বৈঠক


হুগলি , ২৮ মে (হি.স.) : আসন্ন বর্ষাকালকে সামনে রেখে আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি ও প্রতিরোধমূলক প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার জেলা সেচ দফতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ।

জানা গিয়েছে, প্রতি বছর বর্ষার সময় আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়ে, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। সেই পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে নদী বাঁধ মেরামতি, জলনিকাশি ব্যবস্থা, দুর্বল বাঁধ চিহ্নিতকরণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি বর্ষার আগে বিভিন্ন এলাকায় চলমান কাজের অগ্রগতিও খতিয়ে দেখা হয় বলে জানা গেছে।

বিধায়ক হেমন্ত বাগ জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম পরিকল্পনা গ্রহণ অত্যন্ত জরুরি। অন্যদিকে, বিধায়ক বিমান ঘোষও বন্যা প্রতিরোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর জোর দেন।

সেচ দফতরের আধিকারিকরা জানান, বর্ষার আগে বিভিন্ন নদী বাঁধ সংস্কার ও প্রয়োজনীয় পরিকাঠামোগত কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বদা নজর রাখছে বলেও তাঁরা জানান।

এই বৈঠককে ঘিরে এলাকাবাসীর মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে। তাঁদের দাবি, প্রতি বছরের মতো যাতে এবারও বন্যার ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, সেদিকে প্রশাসনকে বিশেষ নজর দিতে হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande