ত্রিপুরা বিজেপি-র নতুন সভাপতি অভিষেক দেবরায়
আগরতলা, ২৮ মে (হি.স.) : সমস্ত জল্পনার অবসান। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়কে ত্রিপুরা প্রদেশ বিজেপি-র নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর তাঁর নাম চূড়ান্ত হয়। বিজেপি
অভিষেক দেবরায়


আগরতলা, ২৮ মে (হি.স.) : সমস্ত জল্পনার অবসান। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়কে ত্রিপুরা প্রদেশ বিজেপি-র নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর তাঁর নাম চূড়ান্ত হয়। বিজেপি-র জাতীয় সভাপতি নিতিন নবীন আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ ঘোষণা করেন।

তরুণ এবং সংগঠনমুখী নেতা হিসেবে পরিচিত অভিষেক দেবরায় দীর্ঘদিন ধরেই তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলীয় মহলে তাঁর সাংগঠনিক দক্ষতা, মাঠপর্যায়ে সক্রিয়তা এবং যুব নেতৃত্বের ভাবমূর্তির কারণে তিনি ইতিমধ্যেই বিশেষভাবে পরিচিত। এবার তাঁকে রাজ্য সভাপতির গুরুদায়িত্ব দেওয়ায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

অভিষেক দেবরায় রাজীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হলেন। রাজীব ভট্টাচার্য ২০২২ সাল থেকে এই দায়িত্ব সামলাচ্ছিলেন। তাঁর নেতৃত্বে দল একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলেও, আগামী ২০২৮ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এবার নতুন মুখ এবং নতুন কৌশলের উপর জোর দিচ্ছে বলেই রাজনৈতিক মহলের অভিমত।

নতুন সভাপতি হিসেবে অভিষেক দেবরায়ের নাম ঘোষণার পরই তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেন দলের শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বলেন, “বিজেপি ত্রিপুরা প্রদেশের সভাপতি নিযুক্ত হওয়ায় অভিষেক দেবরাযকে আন্তরিক অভিনন্দন। আমি আত্মবিশ্বাসী যে তাঁর গতিশীল নেতৃত্ব ও সাংগঠনিক দূরদৃষ্টির অধীনে দল আরও শক্তিশালী হবে এবং ত্রিপুরার মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। তাঁর আগামী মেয়াদের সাফল্য কামনা করছি।”

দলের অন্দরমহলের মতে, আগামী দিনে টিটিএএডিসি- ভিলেজ কমিটির নির্বাচন, পুর নিগম, পুর পরিষদ এবং স্থানীয় স্বশাসিত সংস্থার নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও মজবুত করাই হবে নতুন সভাপতির প্রধান চ্যালেঞ্জ। বিশেষ করে বুথস্তরে সংগঠনকে শক্তিশালী করা, যুব ভোটারদের কাছে পৌঁছানো এবং বিরোধীদের মোকাবিলায় কার্যকর রাজনৈতিক কৌশল গ্রহণের দায়িত্বও তাঁর কাঁধে বর্তাবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ মুখ হিসেবে অভিষেক দেবরায়কে সামনে এনে বিজেপি একদিকে যেমন নতুন প্রজন্মের কাছে ইতিবাচক বার্তা দিতে চাইছে, তেমনি আগামী বিধানসভা নির্বাচনের আগে সংগঠনে নতুন উদ্দীপনা ফেরানোর লক্ষ্যও স্পষ্ট করছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande