পোস্টার কাণ্ডে চাঞ্চল্য খানাকুল, তদন্তে পুলিশ
হুগলি , ২৮ মে (হি.স.) : খানাকুলে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার গভীর রাতে খানাকুল বিধানসভার পলাশপাই-১ নম্বর অঞ্চলের মোস্তফাপুর এলাকায় একটি হুমকিমূলক পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকা
খানাকুলে মাওবাদী নামাঙ্কিত পোস্টার


হুগলি , ২৮ মে (হি.স.) : খানাকুলে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার গভীর রাতে খানাকুল বিধানসভার পলাশপাই-১ নম্বর অঞ্চলের মোস্তফাপুর এলাকায় একটি হুমকিমূলক পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকেই গোটা এলাকায় কড়া পুলিশি টহলদারি শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোস্টারটিতে কয়েকজন ব্যক্তিকে উদ্দেশ্য করে সরাসরি হুমকি দেওয়া হয়েছে। এমনকি প্রাণনাশের হুমকির কথাও উল্লেখ রয়েছে বলে অভিযোগ। মাওবাদীদের নাম ব্যবহার করে পোস্টার দেওয়া হওয়ায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সকালে এলাকায় ভিড় জমান সাধারণ মানুষ। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে এবং এর পিছনে কী উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পোস্টারটি উদ্ধার করে তদন্ত শুরু করে। পাশাপাশি কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোস্তফাপুর ও সংলগ্ন এলাকায় নজরদারি ও টহলদারি আরও বাড়ানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পোস্টারের ভাষা, লেখার ধরন এবং এর পিছনে কোনও সংগঠিত চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্র থেকেও তথ্য সংগ্রহ চলছে।

এদিকে, ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এলাকায় আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যেই এই ধরনের পোস্টার লাগানো হয়েছে।

তবে এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিতভাবে জানা যায়নি। প্রশাসন পুরো পরিস্থিতির উপর নজর রাখছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande