যুব মুখেই ভরসা, ত্রিপুরা বিজেপি- সভাপতির চেয়ারে অভিষেক
আগরতলা, ২৮ মে (হি.স.) : দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করা হল। মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়কে প্রদেশ বিজেপি-র পরবর্তী সভাপতি হিসেবে মনোনীত করেছে ভারতীয় জনতা পার্টির ক
অভিষেক দেবরায়


আগরতলা, ২৮ মে (হি.স.) : দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করা হল। মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়কে প্রদেশ বিজেপি-র পরবর্তী সভাপতি হিসেবে মনোনীত করেছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। বৃহস্পতিবার বিজেপি-র রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনের পক্ষে রাষ্ট্রীয় মহাসচিব তথা মুখ্যালয় প্রভারী অরূপ সিং এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করেন। তিনি রাজ্যসভার সাংসদ তথা সদ্য প্রাক্তন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হলেন।

রাজ্যের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরেই বিজেপি-র নতুন প্রদেশ সভাপতির নাম নিয়ে জোর চর্চা চলছিল। সম্ভাব্য নামের তালিকায় ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপি-র সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং মাতাবাড়ির বিধায়ক অভিষেক দেবরায়। শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব যুব মুখ হিসেবেই অভিষেক দেবরায়ের নামের উপর সিলমোহর দেয়।

মাত্র ৪৪ বছর বয়সী অভিষেক দেবরায় বর্তমানে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার বিজেপি-র টিকিটে জয়ী হয়ে তিনি বিধানসভায় প্রবেশ করেন। এর আগে তিনি গোমতী জেলা বিজেপি-র সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেছেন। বর্তমানে তিনি বিজেপি-র রাজ্য কমিটির সদস্য হিসেবেও দায়িত্বে রয়েছেন।

ফার্মাসিতে স্নাতক পাশ অভিষেক দেবরায় ছাত্রজীবন থেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিজেপিতে যোগদানের আগে তিনি কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-র বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পরে ২০১৭ সালে তিনি বিজেপিতে যোগ দেন এবং ধীরে ধীরে সংগঠনের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন।

উল্লেখ্য, ২০২৫ সালে সারা দেশে বিজেপি-র সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। সেই কর্মসূচির অংশ হিসেবে ত্রিপুরাতেও সেপ্টেম্বর মাস থেকে নতুন উদ্যমে সদস্য সংগ্রহ অভিযান চালানো হয়। দলীয় সূত্রে দাবি, রাজ্যে ১২ লক্ষ ৪০ হাজারেরও বেশি সদস্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে বিজেপি। তবে সাংগঠনিক বিভিন্ন কারণে প্রদেশ সভাপতির নির্বাচন দীর্ঘদিন ঝুলে ছিল। অবশেষে কেন্দ্রীয় নেতৃত্ব সেই জট কাটিয়ে নতুন সভাপতির নাম ঘোষণা করল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিষেক দেবরায়কে প্রদেশ সভাপতি হিসেবে নির্বাচিত করার মাধ্যমে বিজেপি যুব নেতৃত্বকে আরও বেশি গুরুত্ব দেওয়ার বার্তা দিল। বিশেষ করে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং যুব সমাজের মধ্যে দলের ভিত্তি বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, অভিষেক দেবরায়ের নাম ঘোষণার পর থেকেই বিজেপি-র বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং শাখা সংগঠনগুলির মধ্যে উদ্দীপনার আবহ দেখা যায়। দলের কর্মী-সমর্থকদের একাংশের মতে, সংগঠনের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা এবং তরুণ নেতৃত্বের ভাবমূর্তির কারণেই কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর উপর আস্থা রেখেছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর অভিষেক দেবরায়কে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। আগামী দিনে তাঁর নেতৃত্বে ত্রিপুরা বিজেপি আরও শক্তিশালী হবে বলেই আশা দলের একাংশের।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande